সিরিজ সেরার পুরস্কার বাবাকে উৎসর্গ করে আবেগঘন বার্তা দিলেন নাসুম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। বোলাররা প্রায় সবাই ভালো করেছেন, সিরিজে পাঁচ উইকেট শিকার করার পাশাপাশি দারুণ ইকোনমিতে বোলিং করা নাসুম হয়েছেন সিরিজসেরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এক উইকেট শিকার করলেও নাসুম রান দিয়েছিলেন ওভারপ্রতি পাঁচেরও কম। পরের দুই ম্যাচে দুইটি করে উইকেট শিকার করা নাসুম ব্যয় করেছেন যথাক্রমে ২৫ ও ২৪ রান যা টি-টোয়েন্টির বিচারে দুর্দান্ত। নাসুমের বোলিং তার নিজের ভালো পারফরম্যান্সের পাশাপাশি দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিরিজসেরা হয়ে নাসুম স্মরণ করিয়েছেন ঘরের মাঠে ২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচে ১১.৫০ গড়ে ৮ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষেও মাত্র ৮.৩৮ গড়ে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেন নাসুম। কিউইদের বিপক্ষে সিরিজে যৌথভাবে সিরিজ সেরা হন এই বাঁহাতি স্পিনার।
সিরিজ সেরা হয়ে নাসুম বলেন, ' এটাই একমাত্র সময় না যেখানে আমি ভালো বোলিং করেছি। আমি একইরকম পারফর্ম করেছিলাম, সম্ভবত আরো ভালো করেছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে।'
বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাসুম
উইকেটের ফায়দা তুলে সফল হয়েছেন এই স্পিনার। জানিয়েছেন তার পরিকল্পনার কথা।
' উইকেট কিছুটা স্লো ছিল তাই আমি সেটার ফায়দা নিতে চেয়েছি এবং বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। এটাই আমার লক্ষ্য ছিল এবং আমি সফল হয়েছি।'
চার ওভারে ২৪ রান দিয়ে রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীকে আউট করেন নাসুম। বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৩ রানেই থামে আফগানরা। রানতাড়ায় সাইফ হাসানের ঝড়ো ফিফটিতে সহজেই
জয় পায় বাংলাদেশ।

No comments