বলত ওদের ড্রেস নাই, ঈদেও নতুন জামা কিনতে পারিনি’, কান্নাভেজা চোখে মারুফা



কান্নাভেজা চোখে নিজের সংগ্রামের গল্প শোনালেন মারুফা।



চলমান নারীদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ নজর কেড়েছেন মারুফা আক্তার। বাংলাদেশের এই পেসারের বোলিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। নতুন বলে মারুফার দুর্দান্ত সুইং যেন তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে।


মারুফার ক্রিকেটার হওয়ার গল্পটা এভারেস্ট ডিঙানোর চেয়ে কম কঠিন ছিল না। কৃষক বাবার সাথে মাঠে কৃষি কাজ করা মারুফার পরিবার সমাজে সেভাবে ভালো অবস্থানে ছিল না। অতীতে ঈদের সময়ও নতুন জামা কেনা হয়নি মারুফাদের। বিভিন্ন অনুষ্ঠানেও সে কারণে ডাকা হত না মারুফাদের।



নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে আইসিসির দেখানো এক ডকুমেন্টারিতে কান্নাভেজা চোখে মারুফা আক্তার বলেছেন, ‘বিভিন্ন দাওয়াত থাকে না, এসব জায়গায় আমাদের ডাকত না, বলত ওদের ড্রেস নাই (কান্না)। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি......(কান্না)।’


মারুফা আরও বলেন, ‘আমার বাবা একজন কৃষক। আমাদের সেরকম পয়সাকড়ি ছিল না। যে গ্রামে বড় হয়েছি, তারাও এমন সাপোর্টিভ না।’


টাইগ্রেস পেসারের মতে, ‘আসলে এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, অনেক ছেলেরাও হয়ত সেভাবে পারছে না। এটা অন্যরকম একটা শান্তি দেয়। ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে, হাততালি দিবে, এখন টিভিতে (নিজেকে) দেখলে লজ্জা লাগে (হাসি)।’


ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে


টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মারুফার ব্যাপারে বলেছেন, ‘মারুফা আক্তার তরুণ, এনার্জেটিক, দারুণ এক প্যাকেজ। পাওয়ারপ্লেতে সে যেভাবে আগ্রাসী বোলিং করে, আমার মনে হয় সে বাংলাদেশের ক্রিকেটের তারকা হবে।’




বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। বর্তমানে খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে।


No comments

Powered by Blogger.