৯ উইকেট হারিয়েই শেষ আফগানিস্তান, সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক আফগানিস্তান ও সফরকারী বাংলাদেশ। সিরিজে এগিয়ে থাকা আফগানরা এই ম্যাচে আগে ব্যাট করে জড়ো করেছে ১৯০ রান। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে তাড়া করতে হবে ১৯১ রানের লক্ষ্য।
গত ম্যাচে লক্ষ্য তাড়া করে জয় তুলে নিলেও এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজকে হারানো দলটি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। রহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলে বিপদ আরও ঘনীভূত হয়।
তবে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার ইবরাহিম জাদরান। এক প্রান্ত আগলে রেখে স্ট্রাইক রোটেশনের ওপর জোর দিয়ে দেখেশুনে খেলতে থাকেন তিনি। মোহাম্মদ নবী ৩০ বলে করেন ২২ রান। ১৩ রান আসে খারোটের ব্যাট থেকে।
শেষদিকে ইবরাহিমের সাথে দলের হাল ধরেন এএম গাজানফার। ১৪০ বলে মাত্র তিনটি চার ও একটি ছক্কায় ৯৫ রান করে ইবরাহিম বিদায় নিলে গাজানফার ১৮ বলে ২২ রান করেন। ১৮ বলে ২২ রান করে গাজানফার বিদায় নিলে আবারো মাঠে নামেন রহমত শাহ। তবে চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি। তাতে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনটি এবং তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দুটি করে উইকেট পান। একটি উইকেট শিকার করেন তানভীর ইসলাম।

No comments